পারিবারিক কলহে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
- Update Time : ০৪:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ১৫ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ৪নং কালিকচ্ছ ইউনিয়নে ৩নং ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুরন্তী চাকসা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নিলুফা বেগম (৪৬) ওই গ্রামের মর্তুজ আলীর (৫০) স্ত্রী। অভিযুক্ত মর্তুজ আলী একই গ্রামের জবান আলী ও সাজেদা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এরই জেরে শনিবার রাতে নিজ বসতঘরে নিলুফা বেগমকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে স্বামী মর্তুজ আলীর বিরুদ্ধে।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত মর্তুজ আলীকে আটক করে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে, নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

























