ইসির ৫ দলের নাম ফাঁস; নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
- Update Time : ০৮:৩৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৫৭ Time View
বার্তা কক্ষ।। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই পাঁচটি দলের নাম কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
দেশের কয়েকটি পত্রিকায় “এনসিপি সহ ৫টি রাজনৈতিক দল পাচ্ছে ইসির নিবন্ধন” শিরোনামে একই ভাষায় খবর প্রকাশিত হয়। এতে হতবাক হয়েছেন সাধারণ মানুষ ও নিবন্ধন প্রত্যাশী দলের নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘোষণার আগেই এমন খবর প্রকাশ পাওয়ায় ইসির সঙ্গে গোপন যোগাযোগ বা আতাতের শঙ্কা তৈরি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে বৈঠকে রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। তবে বৈঠক শেষে সাংবাদিকদের কোনো তথ্য জানানো হয়নি। অথচ তার আগেই কয়েকটি পত্রিকায় ৫ দলের নামসহ সংবাদ প্রকাশিত হয়।
নিবন্ধন প্রত্যাশী এক নেতা নাম প্রকাশ না করে বলেন, “আমাদের বাদ দিয়ে অন্যদের নিবন্ধন দিলে এবং সেটি যদি আগে থেকে ফাঁস হয়, তবে সেটি আতাত ছাড়া আর কিছু নয়। এতে নিবন্ধন প্রক্রিয়া হাইজ্যাক হওয়ার আশঙ্কা থেকেই যায়।”
অন্যদিকে, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে শুধু নিবন্ধন প্রক্রিয়া চলতি মাসের মধ্যে শেষ করার উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে ৫টি দলের নির্দিষ্ট নাম কোথাও প্রকাশিত হয়নি।
ইসিতে জমা পড়া তথ্য অনুযায়ী, মোট ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। এর মধ্যে ১২১টি বাতিল হয়। মাঠপর্যায়ে যাচাই শেষে সর্বশেষ ১৬টি দল কমিশনের তালিকায় রয়েছে। এসব তথ্য এখন সচিবালয়ে পৌঁছেছে, যা ব্রডশিট আকারে কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতীক বরাদ্দ সংক্রান্ত বিধিমালা এখনো আইন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। নির্বাচন কমিশন চেষ্টা করছে সেপ্টেম্বরের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে, যাতে রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচনী কার্যক্রমে বিলম্ব না হয়।
























