শিক্ষকরা জাতি গঠনের কারিগর- জেলা পরিষদ প্রশাসক
- Update Time : ০৯:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৫ Time View
বিশেষ প্রতিনিধি :: বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি শিক্ষিত, নৈতিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
শিক্ষকদের মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার(১১নভেম্বর) সকাল ১১টায় কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি আমানুল্যাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুস সালামসহ নির্বাচিত সকলেই শপথ গ্রহণ করেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক সমাজের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই।
এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসএম আব্দুল করিম, উপজেলা স্কাউটস’র সম্পাদক মনিরুজ্জামান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা বাকি বিল্লাহ শাহী।

























