যশোরে এসএসসি পরীক্ষা শুরু ব্যাপক কড়াকড়ি
- Update Time : ০১:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ২১ Time View
বেনাপোল প্রতিনিধি::মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডর আওতায় যশোরে সকাল ১০টায় শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। ভিতরে ছেলেমেয়েদের পাঠিয়ে বাইরে উৎকণ্ঠিত অপেক্ষমান অভিভাবকদের চরম ভীড় লক্ষ্য করা গেছে কেন্দ্রে কেন্দ্রে।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের ২ হাজার ৫৭২টি মাধ্যমিক স্কুল থেকে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী ২৫ হাজার ৬৭৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৪৫ জন। ২০২৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। সে অনুযায়ী এবার ৩ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী কমেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ৯২৮ জন ছাত্র ও ৬৮ হাজার ১৬১ জন ছাত্রী।
যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলার ৪০৪ স্কুলের পরীক্ষার্থী সংখ্যা ২১ হাজার ৪২৮ জন। যশোর জেলার ৪৮৯ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ২২ হাজার ৮৮ জন। বাগেরহাট জেলার ২৯৫ স্কুলের পরীক্ষার্থী ১১ হাজার ৯২৬ জন। সাতক্ষীরা জেলার ২৯৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৪ হাজার ২৪৭ জন। কুষ্টিয়া জেলার ২৭২ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৯ হাজার ৭৪৯ জন। চুয়াডাঙ্গা জেলার ১৪১ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৯৬২ জন। মেহেরপুর জেলার ১১৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ২০০ জন। নড়াইল জেলার ১১৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৬৪ জন। ঝিনাইদহ জেলার ২৭৪ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৬ হাজার ৩৪৯ জন। মাগুরা জেলার ১৬৬ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৭৬ জন।যশোর স্থানীয় খবর
এদিকে শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি এবং কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নজরদারি নিশ্চিত করা হয়েছে।
প্রতিটি কক্ষেই বসানো হয়েছে সিসি ক্যামেরা। তবে বিদ্যুত সঙ্কট নিয়ে দুর্ভাবনা রয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের মনে। সিসি ক্যামেরার জন্য নয়; ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারাচ্ছন্ন কক্ষে পরীক্ষা দেওয়া নিয়েই দুশ্চিন্তা তাদের।



















