ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউপি চেয়ারম্যানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল
- Update Time : ০৮:১৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৩৫ Time View
ময়মনসিংহ:দীর্ঘ প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো: সাইদুর রহমান তাঁর পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা ফিরে পেয়েছেন। গত ১১ জুন ২০২৬ তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে এই ক্ষমতা প্রত্যর্পণ করা হয়। একই সাথে, বিগত ২০২৪ সালে অন্য এক কর্মকর্তাকে দেওয়া অন্তর্বর্তীকালীন ক্ষমতা অর্পণের আদেশটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক আদেশের বিবরণ: জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে বিগত ২৪ নভেম্বর ২০২৪ তারিখে (স্মারক নম্বর: ০৫.৪৫.৬১০০.০১৫.৫৭.১০৯.২৪.৬৭০) এক অফিস আদেশের মাধ্যমে উপজেলা সমবায় অফিসার, সদর, ময়মনসিংহ-কে উক্ত ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছিল ।পরবর্তীতে সার্বিক বাস্তবতা ও জনস্বার্থ বিবেচনা করে গত ১১ জুন ২০২৬ তারিখে পূর্বের সেই আদেশটি প্রত্যাহারপূর্বক ঘাগড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো: সাইদুর রহমান-এর অনুকূলে উক্ত আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পুনঃপ্রদান করা হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত (স্মারক নম্বর: ০৫.৪৫.৬১০০.০০০.০১৫.৫৭.০১০৯.২৪.১৪০) এই আদেশে উল্লেখ করা হয়েছে— মহামান্য হাইকোর্ট বিভাগের কোনো নিষেধাজ্ঞা বা অন্যবিধ আদেশ না থাকলে জনস্বার্থে জারিকৃত এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এই আদেশের অনুলিপি ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
এলাকায় আনন্দের জোয়ার ও মিষ্টি বিতরণ: এদিকে, নিজেদের সরাসরি ভোটে নির্বাচিত চেয়ারম্যানকে পুনরায় পূর্ণ ক্ষমতায় ফিরে পেয়ে ঘাগড়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আদেশ জারির খবর এলাকায় পৌঁছানোর পর স্থানীয় ভোটার ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসেন। বিভিন্ন গ্রামে আনন্দ মিছিল, কোলাকুলি এবং মিষ্টি বিতরণের ধুম পড়ে যায়। ভোটাররা জানান, তাদের দেওয়া ভোটের মূল্যায়ন এবং পছন্দের জনপ্রতিনিধিকে ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল।
জনগণের আস্থা ও ‘মানবিক’ জনপ্রতিনিধি: স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, মো: সাইদুর রহমান এলাকায় একজন অত্যন্ত মানবিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে সুপরিচিত। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই তাঁর জীবনের প্রধান ব্রত। ইউনিয়নের সাধারণ ভোটার ও স্থানীয় সচেতন নাগরিকেরা বলেন: “সাইদুর রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান। মানুষের জন্য কাজ করাই তাঁর জীবনের শেষ ইচ্ছা এবং একমাত্র লক্ষ্য।
করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো সামাজিক বা ব্যক্তিগত সমস্যায় তিনি সবসময় সাধারণ মানুষের অভিভাবক হিসেবে দাঁড়িয়েছেন। তাঁর মতো একজন মানবিক মানুষকে পুনরায় দায়িত্বে ফিরে পেয়ে এই ইউনিয়নের থমকে থাকা উন্নয়ন ও নাগরিক সেবা আবার প্রাণ ফিরে পাবে।” সার্বিক বাস্তবতা ও ভবিষ্যৎ প্রত্যাশা: সচেতন মহলের মতে, তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে সচল,গতিশীল ও জনবান্ধব রাখতে নির্বাচিত জনপ্রতিনিধির বিকল্প নেই।
প্রশাসনিক কারণে দীর্ঘদিন যে স্থবিরতা বিরাজ করছিল, চেয়ারম্যানের ক্ষমতা ফিরে পাওয়ার মাধ্যমে তার সফল অবসান ঘটল। এর ফলে ঘাগড়া ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিকেরা এখন থেকে আরও সহজে,দ্রুত ও নির্বিঘ্নে তাদের কাঙ্ক্ষিত সরকারি সেবা ও সুযোগ-সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।



















