জেলা আইনজীবী সমিতি পরিদর্শনে বিচারপতিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:৫৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৯০ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতি পরিদর্শন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সমিতি ভবনে বিচারপতি, বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীদের অংশগ্রহণে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিচার বিভাগের সঙ্গে আইনজীবীদের সমন্বয় বৃদ্ধি, বিচারপ্রার্থী মানুষের জন্য দ্রুত ও কার্যকর ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আইন পেশার মানোন্নয়নের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর। তিনি তাঁর বক্তব্যে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীরা বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার। বিচার বিভাগের মর্যাদা, স্বচ্ছতা ও জনগণের আস্থা অক্ষুণ্ন রাখতে বিচারক ও আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি মো. যাবিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম. আবদুল হাই।
বক্তারা বলেন, বিচার বিভাগ, বিচারক ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সৌহার্দ্য এবং সমন্বিত কার্যক্রম জোরদার হলে বিচারপ্রার্থীরা আরও দ্রুত ও মানসম্মত সেবা পাবেন। একই সঙ্গে আদালতের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব হবে। তারা আইন পেশার মর্যাদা রক্ষা, তরুণ আইনজীবীদের দক্ষতা উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় জেলার জ্যেষ্ঠ ও নবীন আইনজীবী, বিচার বিভাগীয় কর্মকর্তা, আদালত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আইনজীবীরা বিচারপতিদের সঙ্গে বিভিন্ন পেশাগত ও বিচারিক বিষয়ে মতবিনিময় করেন এবং আদালতের সেবার মানোন্নয়নে বেশ কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির দীর্ঘ ঐতিহ্যের কথাও তুলে ধরেন। প্রায় দেড় শতাব্দীর ইতিহাস সমৃদ্ধ এ সমিতি জেলার আইন অঙ্গনের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিচারপ্রার্থী মানুষের আইনি সহায়তা প্রদান এবং আইন পেশার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সভা শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় আদালতপাড়া ও আইন অঙ্গনের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

























